সারাদেশে ডেঙ্গু জ্বরে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০২
- আপডেট সময় : ০৬:৫৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ১৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সারাদেশে ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৬।
গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সাত হাজার ১৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮০২ জন। এদের মধ্যে ৪০৯ জন ঢাকার বাসিন্দা এবং ১,৩৯৩ জন ঢাকার বাইরে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ঢাকার ৫ জন, ঢাকার বাইরের ৬ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট দুই লাখ ৬২ হাজার ৬৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৯৭ হাজার ২৫৫ জন এবং ঢাকার বাইরে ১৬৫ হাজার ৩৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪৫ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার ৫৪৪ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৭০১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ২,৫৪,১৮০ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার ৯৪ হাজার ৪৪০ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৫৯ হাজার ৭৪০ জন।






















