শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব:এ পর্বে পুলিশ সদস্যসহ নিহত ১৯
- আপডেট সময় : ০১:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ২০৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
আল্লাহর কাছে হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং সর্বত্র দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমারের এই পর্বের নামাজে ইমামতি করছেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। এবারের ইজতেমার প্রথম পর্বে পুলিশ সদস্যসহ ১৯ জন নিহত হয়েছেন।
রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মোনাজাত শুরু হয়। পরিবহন, বাজার, মাঠ, আশেপাশের ভবন যে যেখানে ছিলেন সেখান থেকেই তারা এই মোনাজাতে অংশগ্রহণ করেন। ২২ মিনিট পর্যন্ত চলে এবারের আখেরি মোনাজাত। মোনাজাতে সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়।
আখেরি মোনাজাতে উপস্থিত লাখো মুসল্লি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তুষ্টি লাভের আশায় দুই হাত তুলে আত্মশুদ্ধি ও নিজেদের গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার যাবতীয় বিপদ-আপদ থেকে হেফাজতের জন্য প্রার্থনা করেন।
এদিকে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে পুলিশ সদস্যসহ ১৯ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত আরও চারজন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করা চারজনই ইজতেমায় আগত মুসল্লি বা তাবলীগের সাথী। এবারের ইজতেমায় আগত মোট মুসল্লির মৃত্যুর সংখ্যা ১৩। এছাড়া মাঠের বাইরে ইজতেমার কাজে সংশ্লিষ্ট, ইজতেমায় আসার পথে এক পুলিশ কর্মকর্তা ও আরও ৬ জনসহ মোট ১৯ জন মৃত্যুবরণ করেছেন। অনেকেই বার্ধক্যজনিত বিভিন্ন ধরনের রোগ ও হৃদরোগে অসুস্থ হয়ে মারা যান।
রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ ফেব্রুয়ারি এবং আখেরি মোনাজাত হবে ১১ ফেব্রুয়ারি।























