যেকোনো পরিস্থিতি মোকাবিলায় যোগ্য সেনাবাহিনী গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ১৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার আধুনিক সেনাবাহিনী গঠনে কাজ করছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী যোগ্য হয়ে উঠুক, এটাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।
শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের তাদের অধীনস্থদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশকে কেউ আর অবহেলা করতে পারবে না। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এভাবেই আমরা এগিয়ে যাবো-এটাই আমাদের লক্ষ্য।
বারবার ভোটে নির্বাচিত হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, জনগণ বারবার ভোট দিয়ে আমাদের সেবা করার সুযোগ দিয়েছে বলেই আজ আমরা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে উঠবে।
তিনি আরও বলেন, প্রতিটি পরিবারে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। রাস্তাঘাট, পুল-ব্রিজ সবকিছু উন্নত করে দিচ্ছি। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রেখেই আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।
সরকারপ্রধান বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনী অবদান রেখে যাচ্ছে। সেনাবাহিনী যেখানে যাচ্ছে, সেখানেই আস্থা ও বিশ্বাস গড়ে তুলছে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তারা অবদান রেখে দেশের জন্য সুনাম বয়ে আনছে।

























