মেয়েরা এগিয়ে যাচ্ছে, ছেলেদের পিছিয়ে যাওয়ার কারণ খুঁজে বের করতে হবে:প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:২৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ২০২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
পরীক্ষার ফলাফলে ছেলেরা মেয়েদের চেয়ে পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের সবসময় শুনতে হয়- লিঙ্গ সমতার কথা। এখন দেখছি উল্টোটা হচ্ছে, ছেলেরা মেয়েদের থেকে পিছিয়ে যাচ্ছে। যতবার দেখছি মেয়েদের পাসের হার বাড়ছে। এখন ছেলেদের খুঁজে বের করতে হবে কেন তারা পিছিয়ে আছে।
রোববার (২৬ নভেম্বর) সকালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এইচএসসিতে ছাত্রীদের উচ্চ পাসের হারের জন্য ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, শুধু পড়ে পাস করলেই হবে না, তা অর্থবহ হতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে যথেষ্ট হতে হবে।
তিনি বলেন, একসময় আমাদের দেশে মেয়েদের পড়াশোনা করতে দেওয়া হতো না, এখনো অনেক দেশে মেয়েদের পড়তে দেওয়া হয় না। আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে সেজন্য তাদের আন্তরিক অভিনন্দন। ছেলেদের বলছি- তোমরাও পিছিয়ে থেকো না, পড়াশোনা করো সমানতালে চলো।
সরকারপ্রধান বলেন, যারা পাস করেছে তাদের অভিনন্দন। যারা হয়তো ভালো রেজাল্ট করতে পারেনি, তাদেরও হতাশ হওয়ার কিছু নেই। অভিভাবকদের বলবো, যারা উত্তীর্ণ হতে পারেনি, তাদের সহানুভূতি দেখাতে হবে।
এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করা হয়। গণভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বোর্ড চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
দুপুর ২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রায় একই সময় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।
ফলাফল প্রত্যাশীরা সহজেই ঘরে বসেই নির্ধারিত ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে ১৭ আগস্ট। এবার পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী একটি ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণকালীন পরীক্ষা হয়েছে।শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়।























