মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-সুইজারল্যান্ড’র সমঝোতা স্মারক সই
- আপডেট সময় : ০৮:১২:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ২৭১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের দক্ষতা প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও সুইজারল্যান্ড একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এতে চিকিৎসা ও তথ্যপ্রযুক্তি খাত থেকে সুইজারল্যান্ডে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ বাড়বে।
বুধবার (১৪ জুন) জেনেভায় প্যালেস ডেস নেশনস-এ জাতিসংঘের কার্যালয়ে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালাইন বেরসেটের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
‘নলেজ শেয়ারিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক সমঝোতা স্মারকে নিজ নিজ দেশের পক্ষে জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. সুফিউর রহমান এবং সুইজারল্যান্ডের স্থায়ী প্রতিনিধি উর্গ লাউবার স্বাক্ষর করেন।
পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, এই সমঝোতা স্মারক দক্ষতা প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের পথ প্রশস্ত করবে।
সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সুইজারল্যান্ডের কিছু বিশেষ প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে জুরিখে একটি ইনস্টিটিউট রয়েছে, যেটি প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে কাজ করে। এই ইনস্টিটিউট সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলির সাথে কাজ করে।
গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা বাড়ানোর জন্য জুরিখের এই ইনস্টিটিউটের সাথে বাংলাদেশের বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোকে সংযুক্ত করাই এখানে মূল লক্ষ্য।























