মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দলীয় চিন্তাভাবনার উর্ধ্বে থেকে দায়িত্ব পালনের নির্দেশ: সিইসি
- আপডেট সময় : ০১:৪৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ১৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় চিন্তা-চেতনার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
শনিবার (১৪ অক্টোবর) বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত ব্যবস্থাপনা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল এ কথা বলেন।
সিইসি বলেন, প্রশাসন বা সরকারে পুলিশ ও নির্বাহী পরিষদের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। সরকার বলতেই আমরা বুঝি পুলিশ ও ডিসি। কাজেই আপনাদের চিত্তে ধারণ করতে হবে আপনারাই সরকারকে প্রতিনিধিত্ব করছেন।
তিনি বলেন, নির্বাচন যে খুব সন্নিকটে তাতে কোনো সন্দেহ নেই। নির্বাচন আয়োজন একটি কঠিন কাজ। চাইলাম হয়ে গেল, এরকম নয়। যেহেতু নির্বাচনের দায়িত্ব আপনাদেরও আমাদের সেতুর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। গ্রহণযোগ্য হবার অর্থ নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হয়েছে। জনগণকে দেখতে হবে নির্বাচনটা শেয়ার ছিল এবং নির্বিঘ্নে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। এটুকু যদি নিশ্চিত করা যায়, নির্বাচনে কে আসলো, কে আসলো না; জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলেই নির্বাচনে একটি বড় সফলতা আসবে।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা প্রায় ১২শ নির্বাচন করেছি। সেখানে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সহযোগিতা পেয়েছি, তাতে সত্যিই কৃতজ্ঞ। দৃঢ় প্রত্যাশা থাকবে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা রাষ্ট্রের, সরকারের কর্মচারী হিসেবে দলীয় চিন্তা-ভাবনার ঊর্ধ্বে থেকে পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গি নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে সক্ষম হবেন। কোনো অনিয়ম, সহিংসতা হবে না, শান্তিপূর্ণ নির্বাচন হবে, এটাই প্রত্যাশা করছি।
এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, ইটিআই মহাপরিচালকসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















