মাঘের প্রথম দিনে রাজধানীতে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের অনুভূতি!
- আপডেট সময় : ০২:৩৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ২৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রকৃতিতে শীতের দাপট নিয়ে এলো মাঘ। শীত ঋতুর সমাপ্তি এ মাসেই। আজ মাঘের পয়লা দিন। শহরে ঠাণ্ডা সহনশীল হলেও গ্রামীণ জনপদে মাঘ এসেছে শীতের তীব্র দাপট নিয়ে। বলা চলে, এবার শীত এসেছে শীতের প্রকৃত চরিত্র নিয়েই। সকাল থেকে সারাদেশ ঢেকে থাকছে কুয়াশার আস্তরণে। সূর্যের দেখা মিলছে না কোথাও। কয়েক দিন ধরেই আকাশ ছেয়ে আছে এমন কুয়াশায়। দৃষ্টি আটকে যায় কিছুদূর গিয়েই। ঠাণ্ডা বাতাস আর ঘন কুয়াশার আবর্তে সারা দেশ কাঁপছে কনকনে শীতে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। তবে একটু বেলা পেরোতেই ঢাকাবাসী সূর্যের মুখ দেখে। পাশাপাশি তাপমাত্রা বেড়ে শীত কমতে শুরু করেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বরিশালে ৯ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে বেড়ে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।
ঘন কুয়াশার কারণে গত দুই-তিন দিন ধরে প্রায় সারা দেশে রোদ নেই। ঢাকায় গত দুইদিন ধরে সূর্যের দেখা নেই। রোদ না থাকায় দিনের তাপমাত্রা প্রায় রাতের তাপমাত্রায় নেমে এসেছে। তাই সারাদেশে তীব্র শীত চলছে।
সোমবার বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা ভেদ করে দুদিন পর সূর্যের হাসি দেখল নগরবাসী। আগামী কয়েকদিন ধীরে ধীরে কুয়াশার তীব্রতা কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ধীরে ধীরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বাড়বে। এটি শীতের অনুভূতি কমাতে পারে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা বিকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপথ এবং সড়ক যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
মাদারীপুর, গোপালগঞ্জ, দিনাজপুর, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

























