বেলজিয়াম সফরে প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ১৯১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বেলজিয়াম সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি ২০৭) যাত্রা করে।
ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের আমন্ত্রণে তিনি বেলজিয়াম সফর করছেন। আগামী ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বেলজিয়াম সফরকালে প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদানের ফাঁকে ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী ২৫ অক্টোবর সকালে ইসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডমব্রোভস্কিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইসি প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকের পর নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হবে।
বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ইউরোপীয় কমিশন ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে ৪৫ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় কমিশনের মধ্যে ১২ মিলিয়ন ইউরো অনুদানের চুক্তিও স্বাক্ষরিত হবে।
প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্দ্রে ডি ক্রুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী লাক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। একই দিন বিকেলে শেখ হাসিনা বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেবে টিভি চ্যানেল ইউরোনিউজ ও পলিটিকো। আগামী ২৭ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।























