বিএনপি-জামায়াত একটি সন্ত্রাসী দল: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ২৬২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিএনপি-জামায়াত একটি সন্ত্রাসী দল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজ যে উন্নয়ন সেটা যেন সাসটেইনেবল হয় সেটা আমরা করব। কোনো স্যাংশনকে ভয় পাই না। আমাদের মাটি আছে, মানুষ আছে। সেই মাটি ও মানুষ দিয়েই বঙ্গবন্ধু দেশ গড়েছিলেন। আমিও তাই গড়ছি। বাংলাদেশের জনগণ আমার পরিবার, আমি আমার পরিবারের জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছি।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেটা করেছি। আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার তৈরি করা হচ্ছে। এবার হবে স্মার্ট বাংলাদেশ।
শেখ হাসিনা প্রশ্ন করেন, ‘এখন কয়জন মানুষ দরজায় আসে ভাত চাইতে, ভাতের ফ্যান চাইতে? দিন বদলের সনদে বদলে গেছে বাংলাদেশ। সামনের দিন আরও বদলাবে। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি শুরু করেছি। সেজন্য কমিটি গঠন করা হয়েছে। আমরা নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছি, আগামীতে আমাদের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।’
প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৬ সাল থেকে যে যাত্রা শুরু হবে তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।
বঙ্গবন্ধুকন্যা আরও বলেন, আজ আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের মানুষের প্রতি আস্থা ও বিশ্বাস আছে। তারা মনে করে একমাত্র আওয়ামী লীগই পারে দেশের মানুষের ভাগ্য পরবর্তন করতে। ভোটের মাধ্যমে মানুষ সেই আস্থার প্রতিদান দেবে বলেই আমি বিশ্বাস করি।
বিএনপি বাংলাদেশের মানুষের জীবন থেকে ২৯ বছর নষ্ট করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ স্বাধীনের সাড়ে ৩ বছরে বঙ্গবন্ধু সবকিছু গুছিয়ে এনেছিলেন। ঠিক সেই সময় কিছু বিপথগামী তাকে হত্যা করে। এরপর ২১ বছর, আবার ২০০১ থেকে ২০০৮- এই ২৯ বছর বাংলাদেশের মানুষের জীবন থেকে নষ্ট হয়েছে। তবে সেটা আমরা গত ১৫ বছরে পূরণ করতে পেরেছি। এখন একটা মর্যাদা নিয়ে বাংলাদেশ বিশ্বে পরিচিতি পেয়েছে। আমাদের সীমিত সম্পদ দিয়েই এসব করেছি। এই গতি যেন থেমে না যায়। কারও কাছে হাত পেতে নয়, বাংলাদেশ তার মর্যাদা নিয়েই চলবে।






















