বার কাউন্সিলের ১৫ তলা ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ১৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ১৫ তলা ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২১ অক্টোবর) বেলা ১১টায় তিনি এ ভবনের ফলক উন্মোচন করেন। এর আগে প্রধানমন্ত্রী ফিতা কেটে আধুনিক ভবনে প্রবেশ করেন। এ সময় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, অ্যাটর্নি জেনারেল এম এম আমিন উদ্দিন, সিনিয়র আইনজীবী ও বার কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ভবনটি পরিদর্শন করেন। এরপর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ১৩৮ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১৫ তলা বার কাউন্সিল ভবনটি নির্মিত হয়েছে। আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে, গণপূর্ত অধিদফতরের ব্যবস্থাপনায় এবং স্থাপত্য অধিদফতরের নকশায় ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হয়।
এখানে পর্যাপ্ত অফিস স্পেস, মিটিং রুম, ২টি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, এক্সিবিশন স্পেস, রিসেপশন, রেজিস্ট্রেশন রুম, ব্যাঙ্ক, অ্যাকাউন্টস বিভাগ, আইটি বিভাগ ইত্যাদি রয়েছে। আইনজীবীদের জন্য ৫টি ট্রাইব্যুনাল কক্ষ, প্রশস্ত মাল্টিপারপাস হল, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক প্রার্থনা কক্ষ রয়েছে। এছাড়া টিভি লাউঞ্জ, রান্নাঘর ও ডাইনিং হলসহ শতাধিক আইনজীবীদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
ভবনটিতে রয়েছে ৪টি লিফট, ফায়ার ফাইটিং সিস্টেম, সিসি ক্যামেরা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পুরুষ-মহিলা-প্রতিবন্ধীদের জন্য আলাদা টয়লেট। প্রকল্পে আর্বোরিকালচারের মাধ্যমে ল্যান্ডস্কেপিং করা হয়েছে। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সাবস্টেশন ও জেনারেটরের মাধ্যমে পৃথক বৈদ্যুতিক লাইন সংযুক্ত করা হয়েছে।























