বারবার বায়ুদূষণের শীর্ষে উঠে আসছে ঢাকা, আজও ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায়
- আপডেট সময় : ০২:২৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ২৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানী ঢাকা এখনো বায়ু দূষণের শীর্ষে। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণ সংস্থার এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএআইআর) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
তালিকার শীর্ষে রয়েছে ঢাকার এয়ার কোয়ালিটির স্কোর ৩২৫, যার মানে আজ এখানকার বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরের একটি স্কোর ২৫৬ যার মানে এর বায়ুর গুণমান খুবই অস্বাস্থ্যকর।
সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা এবং শহরটির স্কোর হচ্ছে ২৩১। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।
স্কোর শূন্য এবং ৫০ এর মধ্যে হলে বায়ুর গুণমান ভাল বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয় বায়ুর গুণমান। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর খুব অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
ক্রমবর্ধমান বায়ু দূষণের কারণে দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে। ফলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি আয়ু পাঁচ বছরের বেশি কমতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

























