বাংলাদেশ বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছে:প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ১৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছে। শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বেগম রোকেয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাংলাদেশ পূরণ করতে পেরেছে; অন্তত এটুকু দাবি করতে পারি।
তিনি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে নারীদের অবদান অনেক। তারা যেমন ট্রেনিংয়ে গেছে, তেমনি যুদ্ধক্ষেত্রেও সহযোগিতা করেছে। তারা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নানা নির্যাতনের শিকার হন। অনেকে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বেগম রোকেয়া নিজের স্বামীর নামে স্কুল করেছেন। সেখানে ছাত্রী পাওয়া যেত না। তিনি বাড়ি বাড়ি গিয়ে ছাত্রী সংগ্রহ করতেন। সেখানেও নানা বাধার সম্মুখীন হন। তিনি তার লেখায় উল্লেখ করেছেন, যাহা পুরুষ পারিবে, তাহা নারীও পারিবে।
তিনি বলেন, পাকিস্তান আমলে নারীদের জন্য অনেক বাধা ছিল। তখন নারীদের কর্মক্ষেত্রে কোনো সুযোগ দেওয়া হতো না। স্বাধীনতার পর বঙ্গবন্ধু মুজিব নারীদের সেই সুযোগ দিয়েছিলেন। আইন অনুযায়ী নারীরা বিচার বিভাগে যোগ দিতে পারবেন না। জাতির পিতা আইন পরিবর্তন করেন। পরে আমি এসে এটির পথ আরও সুগম করে দেই। নাজমুন আরা আপিল বিভাগেও যান। আমার একটা আফসোস রয়ে গেছে, আমার ইচ্ছে ছিল, প্রধান বিচারপতিও নারীকে করবো। পারিনি।
মায়ের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, আমার বাবা বেশির ভাগ সময় জেলে কাটিয়েছেন। সংসার চালানো, দলকে সুসংগঠিত করাসহ সব কাজই আমার মা করতেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা।
এবার বেগম রোকেয়া পদক পেয়েছেন ৫ জন নারী। তারা হলেন নারী শিক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম, মরণোত্তর (ঢাকা জেলা), নারী অধিকার প্রতিষ্ঠায় ডা. হালিদা হানুম আখতার (রংপুর জেলা), নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কামরুন্নেছা আশরাফ দিনা, মরণোত্তর (নেত্রকোনা জেলা), নারী জাগরণে উদ্বুদ্ধকরণে নিশাত মজুমদার (লক্ষীপুর জেলা) এবং পল্লী উন্নয়নে রনিতা বালা (ঠাকুরগাঁও জেলা)।























