বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নেওয়াই যুক্তরাষ্ট্রের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে একটি:মিলার
- আপডেট সময় : ০১:৪৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ২২২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, গণতন্ত্রের অগ্রগতি প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ অগ্রাধিকারগুলির মধ্যে একটি। তিনি বলেন, এই বিষয়টি বাংলাদেশ সরকারের সঙ্গে বিভিন্ন আলোচনায়ও স্পষ্ট করে দেওয়া হয়েছে।
স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে গণতান্ত্রিক শাসনব্যবস্থা জোরদার ও মানবাধিকার রক্ষায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন-এর সাম্প্রতিক বক্তব্যের আলোকে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র কী কী পদক্ষেপ নিতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জোরদার ও মানবাধিকার রক্ষায় জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
বাংলাদেশে এখন স্বৈরাচারী শাসন, গণতন্ত্র ও আইনের শাসনের অভাবে দেশের মানুষ ভুগছে। এ অবস্থায় বাইডেন প্রশাসন কী ধরনের পদক্ষেপ নিতে পারে এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, বাংলাদেশ ইস্যুতে সুনির্দিষ্ট কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে পর্যালোচনা করে বলার মতো আমার হাতে এখন কিছু নেই। প্রেসিডেন্ট বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের পররাষ্ট্রনীতির সর্বোচ্চ গুরুত্বের তালিকায় রয়েছে গণতন্ত্রের বিকাশ। বাংলাদেশ সরকারের সঙ্গে সংলাপের সময় অব্যাহতভাবে এ বিষয়ে স্পষ্টভাবে আমরা কথা বলে যাচ্ছি।

























