বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি রেমিট্যান্স:প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ২২৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতা-সংগ্রামে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রবাসীদের বড় ধরনের অবদান রয়েছে। সকল আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধে প্রবাসীদের রয়েছে বিরাট অবদান।’
তিনি আরও বলেন, ‘প্রবাসীরা আমাদের স্বাধীনতা-সংগ্রামে, যেকোনো আন্দোলনে অবদান রেখেছেন। যখন বাংলাদেশে মার্শাল ল’ জারি হয়, আমরা যখন কাজ করতে পারি না, তখন প্রবাসীরা প্রতিবাদ জানান। আপনারা আন্দোলন-সংগ্রাম করেন। জনমত সৃষ্টি করেন। এটা আমাদের জন্য বিরাট শক্তি।’
ফিলিস্তিনে হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা এই গণহত্যার নিন্দা জানিয়েছি। আমরা যুদ্ধের পক্ষে নই, শান্তির পক্ষে। শান্তিপূর্ণ পরিবেশ না থাকলে কোনো অগ্রগতি হয় না।’
বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘অস্ত্র প্রতিযোগিতার মতো জঘন্য কোনো অপরাধ নেই। অস্ত্রের অর্থ মানবকল্যাণ, শিশু বিকাশে ব্যয় করতে হবে। সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনে সহায়তা দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে।’
বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি অন্ধকার পথে চলছে। তারা আলো ঝলমল নির্বাচন বাদ দিয়ে অন্ধকারের গলিপথ খোঁজে। তারা জানে মানুষ হত্যা, অগ্নিসংযোগ। এর চেয়ে ভালো কিছু জানা নেই। তবে ভোটে জনগণের বিজয় হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘জনগণ যাতে ভোট না দেয় সেজন্য বিএনপি লিফলেট বিতরণ করেছে। কিন্তু ঘটল উল্টোটা। মানুষ ধরে নিলো ভোট দিতেই হবে। একটা সুষ্ঠু নির্বাচনে তারা ভোট দিয়েছে।’

























