বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিল গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম
- আপডেট সময় : ০৫:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ২৩ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:
দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গাজীপুর জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেছে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে পে-অর্ডারের মাধ্যমে অনুদানের অর্থ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, দুর্যোগের সময়ে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার প্রকৃত পরিচয় পাওয়া যায়। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের এই উদ্যোগ সমাজের অন্য সংগঠনগুলোর জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি নৈতিক দায়িত্বও। দেশের এই কঠিন সময়ে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিলে বন্যাকবলিত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব হবে।
সংগঠনের সভাপতি ও দৈনিক ইত্তেফাক-এর প্রতিনিধি এম এম ফারুক এবং সাধারণ সম্পাদক, আনন্দ টিভি ও দৈনিক জনতা-র গাজীপুর জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন জেলা প্রশাসকের হাতে পে-অর্ডার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের সিনিয়র সহ-সভাপতি তানভীর আহমেদ (আনন্দ টিভি), সহ-সভাপতি তারিকুল ইসলাম (মোহনা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল আলম চঞ্চল (মাই টিভি), সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ জাহিদ হাসান ভূঁইয়া (দৈনিক বাংলাদেশ কণ্ঠ), সাহিত্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ ভান্ডারী (দৈনিক ঐশী বাংলা), নির্বাহী সদস্য বোরহান উদ্দিন অরণ্য (দৈনিক একুশের সংবাদ), নির্বাহী সদস্য কাজী শাকিল (এশিয়ান টিভি), মো. মনির হোসেন (দৈনিক বাংলাদেশের আলো)সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সংগঠনের নেতারা বলেন, সংবাদকর্মীরা শুধু তথ্য পরিবেশনেই নয়, যেকোনো জাতীয় দুর্যোগ ও মানবিক সংকটেও মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। বন্যাকবলিত মানুষের জন্য এই ক্ষুদ্র সহযোগিতা তাদের সামাজিক দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ।





















