নলছিটিতে মোল্লারহাট বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধান অতিথি ইলেন ভুট্টা
- আপডেট সময় : ০৭:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের এক অনন্য স্মারক। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিএনপির নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নলছিটির মোল্লারহাট ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে যে ঐক্য ও উদ্দীপনা রয়েছে, তা বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে। আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শহিদুল হক শহিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লারহাট বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন বাচ্চু। এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে ফিরে আসে।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



















