ফিলিস্তিন-ইসরায়েলের যুদ্ধের প্রভাব পড়ছে ফুটবলেও!
- আপডেট সময় : ০৬:৫৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ২৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ফিলিস্তিন ও ইসরায়েলে এখন চলছে পাল্টাপাল্টি হামলা। হামাসের হামলার পর ইসরায়েলের নিরাপত্তা বাহিনীও প্রতিরোধ গড়ে তুলেছে। এ অবস্থায় দেশটির বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। যার প্রভাব পড়েছে ফুটবলেও।
ইসরায়েলে সব ধরনের ফুটবলে দুই সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে উয়েফা। এদিকে ফিলিস্তিন একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য মারদেকা কাপে অংশ নিচ্ছে না দেশটি। মালয়েশিয়া ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ফেডারেশন জানিয়েছে, ‘ফিলিস্তিন দলের নাম প্রত্যাহার করে নিয়েছে। কারণ এই অবস্থায় তারা মালয়েশিয়ায় আসতে পারবে না। ’
আগামী শুক্রবার টুর্নামেন্টের সেমিফাইনালে তাজিকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ফিলিস্তিনের। কিন্তু দেশটি অংশগ্রহণ করতে না পারায় সরাসরি ফাইনাল খেলবে তাজিকিস্তান। অন্য সেমিতে মুখোমুখি হবে মালয়েশিয়া ও ভারত।
ফিলিস্তিন আগামী নভেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, লেবানন এবং বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের জয়ী দল। তাহলে কি ফিলিস্তিনের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে?
এদিকে আগামী দুই সপ্তাহের জন্য ইসরায়েলে সব রকম ফুটবল ম্যাচ স্থগিত ঘোষণা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। স্থগিত হওয়া ম্যাচগুলোর তালিকা প্রকাশ করেছে বিবিসি। ২০২৪ ইউরো বাছাইয়ের ম্যাচ ছাড়াও ২০২৫ অনূর্ধ্ব-২১ ইউরো বাছাইয়েও দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে-১২ অক্টোবর ইসরায়েল বনাম এস্তোনিয়া এবং ১৭ অক্টোবর ইসরায়েল বনাম জার্মানি। দুটি ম্যাচের ভেন্যুই ইসরায়েল। এ ছাড়া ২০২৪ অনূর্ধ্ব-১৭ ইউরো টুর্নামেন্টও স্থগিত করা হয়েছে।
ইসরায়েলি ক্লাব ম্যাকাবি হাইফা এ মৌসুমে ইউরোপা লিগে খেলছে এবং আন্তর্জাতিক বিরতির পর স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের মাঠে খেলতে যাবে তারা। ম্যাকাবি হাইফা ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে আগামী ৭ নভেম্বর।





















