প্রথম অফিস কার্যক্রম পরিচালনায় নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
- আপডেট সময় : ০২:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ১৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের মন্ত্রণালয়ের নিজ নিজ দপ্তরে প্রথম অফিস কার্যক্রম পরিচালনা করছেন। আজ তারা নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বোঝার পাশাপাশি সকলের সঙ্গে পরিচিত হচ্ছেন।
রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়সহ নিজ নিজ মন্ত্রণালয় ও দপ্তরে প্রথম অফিস করছেন তারা।
নতুন মন্ত্রীদের সচিবালয় আগমন উপলক্ষে ভোর থেকেই সচিবালয়ের ভেতরে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল ৯টার কিছু পরই আসেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সকাল সাড়ে ১০টার দিকে কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সচিবালয় প্রবেশ করেন।
সকাল থেকেই সচিবালয়ে পৌঁছালে মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা তাদের ফুল দিয়ে বরণ করেন। সচিবের নেতৃত্বে পদস্থ কর্মকর্তারা তাদের স্বাগত জানান। এরপর সম্মেলন কক্ষে পরিচিতি সভার আয়েজনে তারা যোগদান করেন।
গত বৃহস্পতিবার বঙ্গভবনে ২৫ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
পরদিন শুক্রবার নবনিযুক্ত মন্ত্রীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

























