পোশাক রপ্তানিতে এই প্রথম চীনকে পেছনে ফেলে শীর্ষে বাংলাদেশ
- আপডেট সময় : ০৪:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ২০৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে নিটওয়্যার রপ্তানিতে প্রথমবারের মতো চীনকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ।
ইউরোস্ট্যাটের বরাত দিয়ে সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।
বৈশ্বিক মন্দার কারণে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা দীর্ঘদিন ধরে পণ্যের অর্ডার কমার কথা বলে আসছেন। গত দুই মাস ধরে রপ্তানি প্রবৃদ্ধিও নেতিবাচক হয়ে যাচ্ছিল। এ অবস্থায় পোশাক রপ্তানি সূচকে এ ইতিবাচক খবর এসেছে।
এ বিষয়ে এক বিবৃতিতে বিজিএমএই সভাপতি ফারুক হাসান বলেন, আয়তনের দিক থেকে ২০২২ সালে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিতে প্রথমবারের মতো চীনকে ছাড়িয়ে যায়। নিটওয়্যারের এই অর্জন সেই রেকর্ডের কথাই স্মরণ করিয়ে দেয়।
২০২২ সালে বাংলাদেশ ইউরোপে ১.৩৩ বিলিয়ন কেজি পোশাক রপ্তানি করেছে। সে বছর চীন ১.৩১ বিলিয়ন কেজি রপ্তানি করেছে। তবে দামের দিক থেকে বাংলাদেশের রপ্তানি মূল্য ছিল ৭.৩ বিলিয়ন, যা চীনের রপ্তানি মূল্যের চেয়ে কিছুটা কম।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে নিটওয়্যার সাব-ক্যাটাগরিতে অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশ বেশি রপ্তানি করেছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিটওয়্যার সেক্টরে পণ্যের পরিমাণ ও মূল্যের দিক থেকে বাংলাদেশ শীর্ষে রয়েছে।
এই নয় মাসে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে নয় বিলিয়ন ডলার মূল্যের নিটওয়্যার রপ্তানি হয়েছে; চীন থেকে রপ্তানি হয়েছে ৮.৯৬ বিলিয়ন ডলার।
একই সময়ে বাংলাদেশ ৫৭১ মিলিয়ন কেজি এবং চীনে ৪৪২ মিলিয়ন কেজি নিটওয়্যার রপ্তানি করেছে।
























