পূজা চেরীকে একেক দিন একেক ড্রেসে দেখার দাবি
- আপডেট সময় : ০২:৩৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৯ বার পঠিত

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবের আমেজে এরই মধ্যে সেজে উঠেছেন চিত্রনায়িকা পূজা চেরী। দুর্গাপ্রতিমার সামনে ঐতিহ্যবাহী সাজে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। ছবিগুলো প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর সাজের প্রশংসা করছেন ভক্তরা।
নতুন সিনেমার শুটিং কিংবা অভিনয়ের খবর দিয়ে আপাতত আলোচনায় নেই পূজা চেরী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিতই নিজের ফটোশুটের ছবি ও নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার দুর্গাপূজার আবহে নিজের সাজের পাশাপাশি উৎসবের আবেগও তুলে ধরেছেন পূজা।
এক ভক্ত সেই ছবি দেখে এতোটাই মুগ্ধ, পূজার কাছে উৎসবের দিনগুলোতে আরও ছবি প্রকাশের আবদার জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘আপু, পূজার ছবি দিয়েন। একেক দিন একেক ড্রেস পরে, সামনে পূজা, আপনার পূজা ভালো কাটুক।’
ফেসবুকে ছবি প্রকাশ করে পূজা লিখেছেন, ‘শুধু উৎসব নয়, ষষ্ঠী মানে মায়ের ঘরে ফেরা- আর হাজারো ব্যস্ততার মাঝে নিজের শিকড়কে নতুন করে খুঁজে পাওয়া। শিউলির গন্ধে, ঢাকের শব্দে, আর আকাশের নরম আলোয় মা আসেন, সঙ্গে নিয়ে আসেন বেঁচে থাকার নতুন আশ্বাস!’
পূজার এই পোস্টে দুর্গাপূজার আনন্দের পাশাপাশি শিকড়ের টান ও উৎসবের আবেগও উঠে এসেছে। তার সাজে মুগ্ধ হয়ে মন্তব্য করছেন ভক্তরা। একজন লিখেছেন, ‘আজ তোমাকে অনেক দারুণ লাগছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনার এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। খুব ভালো লাগল।’
সর্বশেষ কোরবানির ঈদে বড় পর্দায় দেখা গেছে পূজা চেরীকে ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির শুটিং অবশ্য হয়েছিল আরও আগে। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর জানাননি এই অভিনেত্রী।






















