নৌকায় ভোট দিয়েছিলেন বলেই আজ বাংলাদেশ ‘ডিজিটাল বাংলাদেশ’:প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ১৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকার প্রার্থীদের ভোটের আশায় এই নৌকা আপনাদের স্বাধীনতা দিয়েছে। এই নৌকাই পারে মানুষকে উন্নত জীবন দিতে, দিতে পারে শান্তি ও সমৃদ্ধি। আপনারা এই নৌকায় ভোট দিয়েছেন বলেই আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দেবেন। ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নেওয়ার জন্যই আজকের নির্বাচন। কাজেই এই নির্বাচনে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন। আপনার ভোট আপনি রক্ষা করবেন আর অগ্নিসন্ত্রাসী, জঙ্গিবাদী বিএনপি-জামায়াতকে উপযুক্ত জবাব দেবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।
আগামী ৭ জানুয়ারির নির্বাচনে শুধু নিজে নয়, পরিবার-পরিজন নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগের যোগ্য জবাব দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন নৌকার ব্র্যান্ডে ভোট দিয়ে নৌকার প্রার্থী বাছাই করবেন। টাকা দিয়ে ভোট কেনা যায় না, টাকা দিয়ে মানুষ কেনা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের নৌকার প্রার্থী শামীম হকের সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের নৌকার প্রার্থী আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনের প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী, মাগুরা-১ আসনের প্রার্থী সাকিব আল হাসান, রাজবাড়ী-১ আসনের প্রার্থী কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের প্রার্থী জিল্লুল হাকিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস প্রমুখ উপস্থিত ছিলেন।

























