নির্বাচন নিয়ে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষকদের ৫ পরামর্শ
- আপডেট সময় : ০১:২০:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ১৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ দল অর্থপূর্ণ সংলাপের মাধ্যমে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের জন্য পাঁচটি পরামর্শ দিয়েছে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) রোববার (১৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত পাঁচটি সুপারিশ নিশ্চিত করেছে।
সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষকদের ৫ পরামর্শ:
১. সহনশীল বক্তব্য ও নির্বাচনী ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে।
২. নির্বাচনের সময় মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে।
৩. অহিংস কর্মকাণ্ডে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং রাজনৈতিক সহিংসতার অপরাধীদের জবাবদিহি করতে হবে।
৪. সব দলকে অর্থবহ রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পরিবেশ তৈরি করতে হবে।
৫. নাগরিকদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং নির্বাচনে অংশগ্রহণের সংস্কৃতি তৈরি করতে হবে।
আসন্ন নির্বাচনকে বাংলাদেশে গণতন্ত্রের চূড়ান্ত পরীক্ষা হিসেবে উল্লেখ করে, আইআরই এবং এনডিআই বলেছে যে প্রতিনিধি দলটি বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে এমন বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং অহিংস নির্বাচনের দিকে অগ্রগতির জন্য একটি রোডম্যাপ হিসেবে পাঁচটি পরামর্শ করেছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে যুক্তরাষ্ট্রের একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল গত ৭ অক্টোবর ঢাকায় আসেন। মার্কিন রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে প্রাক-নির্বাচন জরিপ মিশন পরিচালনা করে। তারা ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেন।
পরিদর্শনকালে পর্যবেক্ষণ দলের সদস্যরা সুশীল সমাজ, রাজনৈতিক দল, নাগরিক সংগঠন, স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা এবং বিদেশি দূতাবাসের প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিভিন্ন হাইকমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন।






















