নির্দিষ্ট সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:১৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ১৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট সময় আছে, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে বলে মন্তব্যকরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এদিন দুপুর ১২টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
প্রধানমন্ত্রী বলেন, আমি আগেই বলেছি নির্বাচন কমিশন ঘোষণা দিলেই হবে। জনগণ ভোট দেবে। দেশি-বিদেশি কিছু লোক নৈরাজ্যের চেষ্টা করতে পারে। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র হবে। কিন্তু আমার প্রশ্ন, দেশের সচেতন নাগরিকদের এসব নিয়ে ভাবতে হবে কেন?
আওয়ামী লীগ সভাপতি বলেন, আমার আস্থা আছে। দেশের উন্নয়ন করেছি। দেশের মানুষের জন্য কাজ করেছি। এখন পছন্দ হলে ভোট দেবে, আর না দিলে চলে যাবো।
রোহিঙ্গা পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সংকট সমাধানে সুইজারল্যান্ডসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। সুইজারল্যান্ডে ব্রিকসের বর্তমান চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ব্রিকস জোটে বাংলাদেশের যোগদানের আগ্রহ প্রকাশ করেন। আগামী আগস্টে জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে জোটের সদস্য সংখ্যা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্তের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট।
প্রধানমন্ত্রী ১৪-১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান শেষে সুইজারল্যান্ডের জেনেভা থেকে শনিবার দেশে ফিরেছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী ২৩-২৫ মে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে যোগ দেন।






















