ধর্মকে ব্যবহার করে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না:প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ১৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশে স্বাধীনভাবে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে। ধর্মকে ব্যবহার করে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না।
রোববার (২৪ ডিসেম্বর) গণভবনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের লক্ষ্য হচ্ছে এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা যেখানে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হয়।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটি সবার জন্য। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে যুদ্ধ করেছে। সবার রক্ত মিশে গেছে এই মাটিতে। ধর্মীয় সংঘাত আমরা চাই না। ধর্মীয় রীতি পালনে কেউ বাধা দিক সেটাও আমরা চাই না। আমরা প্রত্যেকে আনন্দ ভাগাভাগি করছি। এটাই সব থেকে আনন্দের। আনন্দ, সুখ দুঃখ ভাগাভাগি করে নিই।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। দেশের কিছু মানুষ রাজনৈতিক লক্ষ্য অর্জনে নাশকতা করছে।’
বিএনপি আন্দোলনের নামে মানুষ মেরে নির্বাচন বন্ধের ফায়দা লুটবে, এটা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। সারাদেশে ভূমিহীন-গৃহহীনদের ঘর করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবার জন্য এটা প্রযোজ্য।’

























