দেহে শিরা-উপশিরা যেমন, দেশের জন্য নদীও তেমন:প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ১৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নদী দূষণ বন্ধে নির্দেশনা দিয়ে নদী বাঁচাতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে বাঁচাতে হলে নদীকে বাঁচাতে হবে। তিনি বলেন, দেহে রক্ত চলাচলের জন্য শিরা-উপশিরার কাজ যেমন, দেশের জন্য নদীর কাজ ঠিক তেমনই।
সোমবার (৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ ও নাব্যতা রক্ষার লক্ষ্যে প্রণীত মাস্টারপ্ল্যানের আলোকে সম্পাদিত সমীক্ষা প্রতিবেদন অবলোকন এবং সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্ত বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের বাংলাদেশের জন্য নদী ঠিক তেমনই কাজ করে যেমনটা আমাদের শরীরের রক্ত সঞ্চালনের জন্য শিরা-উপশিরা করে। আমাদের বাংলাদেশের বেঁচে থাকাও এই নদীর ওপর নির্ভরশীল।
তিনি বলেন, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য (প্রয়োজন) সেই প্রবহমান নদী। শিরা-উপশিরার মধ্য দিয়ে রক্তধারা আমাদের শরীরকে বাঁচায়, বাংলাদেশকেও কিন্তু বাঁচায় এ পানি ও নদী। কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে।
বিগত বছরগুলোতে নদী দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর আমাদের সবসময় একটা প্রচেষ্টা ছিল, নদীগুলোকে কীভাবে সুরক্ষিত করা যায়, কীভাবে নাব্যতা ফিরিয়ে আনা যায়।
তিনি বলেন, একসময় বাংলাদেশের নৌপথই ছিল পণ্য পরিবহনের একমাত্র বাহন, একমাত্র জায়গা। নৌপথগুলো কমতে কমতে অনেক জায়গায় এখন নদীপথ নেই, এমন একটা জায়গায় চলে এসেছে।
শেখ হাসিনা বলেন, একটা সময় ছিল যখন নদীর নাব্যতা রক্ষায় কোনো গুরুত্ব দেওয়া হতো না। নদী শাসনের নামে শুধু বাঁধ নির্মাণে ছিল সবার নজর। আর বাঁধ নির্মাণ করতে গিয়ে ফসলের জমি নষ্ট হয়। নদী রক্ষা করা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা বা দূষণ থেকে নদীকে রক্ষা করার দিকে নজর ছিল না।
নিচু ব্রিজগুলো ভেঙে নতুন করে নির্মাণের পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, বেঁটে বেঁটে (নিচু) ব্রিজগুলো একটু উঁচু করে দেওয়া আর নদীর ড্রেজিং করে দেওয়া যায়।
রাজধানীর বাইরে অন্যান্য শহরের উন্নয়নের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার বাইরে অন্য শহরগুলোর ক্ষেত্রেও এখনই পরিকল্পনা নিতে হবে। আমরা যে পরিকল্পনাই করি না কেন, সেখানে বর্জ্য ব্যবস্থাপনা, পানির প্রবাহ ঠিক থাকে। নদীগুলোর ড্রেজিং করার সঙ্গে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে।

























