দেশে অটিজম বাড়ার পেছনেও পরিবেশ দূষণের প্রভাব রয়েছে:হাইকোর্ট
- আপডেট সময় : ০২:১৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ২২১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দেশের নদনদী, সড়ক, দূষিত বায়ু এবং ঢাকার অবস্থা খুবই খারাপ উল্লেখ করে হাইকোর্ট বলেন, ‘আমরা শঙ্কিত।’ এমনকি দেশে অটিজমের পরিমাণ বাড়ার পেছনে পরিবেশ দূষণের প্রভাব আছে বলেও শঙ্কা প্রকাশ করেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ অবৈধ ইটভাটা সংক্রান্ত এক রিটের শুনানিতে এ মন্তব্য করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। আর পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ।
এ সময় আদালত বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পায়ন অবশ্যই প্রয়োজন, তবে সেটা হতে হবে পরিবেশ রক্ষা করে।’
এছাড়া হাইকোর্ট আরও বলেন, ‘দেশে অটিজম কী পরিমাণ বাড়ছে, সরকার কি তার হিসাব রাখে? এক্ষেত্রে পরিবেশ দূষণের প্রভাব রয়েছে।’
এক পর্যায়ে আদালত বলেন, আমরা সাজা দিতে পারি। কিন্তু সাজা দিয়েই কি সব হয়? আমরা বিব্রত বোধ করি যে কতবার এসব নিয়ে নির্দেশনা দেবো?’

























