ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ৩৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন ঢাকার এবং বাকি পাঁচজন ঢাকার বাইরের। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯০০। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬০৯ জন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু সংক্রমণের কারণে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২ হাজার ৬০৯ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৫৬১ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৪৮ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৪৪ হাজার ৬৯৮ জন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ হাজার ১০৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫১ হাজার ৫৯৩ জন।
একই সময়ে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৯০০ জন। এর মধ্যে ঢাকার ৭৩৯ জন এবং ঢাকার বাইরে ৪৫১ জন।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫২৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এদের মধ্যে ৫৩৮ জন ঢাকার বাসিন্দা এবং ১,৯৮৭ জন ঢাকার বাইরে।
চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৮৪ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯ হাজার ৯৫৬ জন এবং ঢাকার বাইরে ১৪৫ হাজার ৩২৮ জন।
ঢাকাসহ সারাদেশের হাসপাতালে বর্তমানে আট হাজার ২২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৪১০ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮১৪ জন।
২০২২ সালে, ২৮১ জন ডেঙ্গুতে মারা গিয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ খুব একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।






















