ডিআরইউ’র ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ২০৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী।
বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এজিএম উপলক্ষে ডিআরইউ সদস্যদের পদচারণায় পুরো সেগুনবাগিচা এলাকা মুখরিত হয়ে ওঠে।
এজিএমের শুরুতে, বিগত বছরে মারা যাওয়া সদস্যদের জন্য শোক প্রস্তাব পেশ করা হয়। এসময়, তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ২০২৩ সালের আর্থিক প্রতিবেদন পেশ করা হয়।
বৈঠকে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী বলেন, ঢাকায় পেশাগত সাংবাদিকদের সব থেকে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আমরা এ সংবাদকর্মীদের পেশাগত মান উন্নয়নের জন্য বিভিন্ন সময় প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এ ছাড়া স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও অন্যান্য দিকেও আমরা তাদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করেছি। এ সংগঠন সাংবাদিকদের অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন এবং ভবিষ্যতেও তাই থাকবে বলে আমি মনে করি।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সদস্যদেরউদ্দেশে ‘সাধারণ সম্পাদকের’ প্রতিবেদন উপস্থাপন করেন। সংবিধান সংশোধনী প্রস্তাব উপস্থাপন, উপস্থাপিত প্রতিবেদনের ওপর আলোচনা এবং সবশেষে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদনের অনুমোদনের মধ্য দিয়ে এজিএম শেষ হয়।
এসময় ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সহ-সভাপতি দীপু সারোয়ার, যুগ্ম সম্পাদক মঈনুল আহসান, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি সেজুঁতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য মনির মিল্লাত, মহসিন বেপারী, মোজাম্মেল হক তুহিন, কিরণ শেখ, এসএম মোস্তাফিজুর রহমান সুমন ও আলী ইব্রাহিম উপস্থিত ছিলেন।























