ট্রেনে আগুনের ঘটনায় নিহত ৪:আশংকাজনক অবস্থায় ৮, ৭ সদস্যের তদন্ত কমিটি
- আপডেট সময় : ০২:২১:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ২০৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর গোপীবাগ এলাকায় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এবং দুই শিশুসহ ৮ জন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের সবার অবস্থাই শঙ্কাজনক। একইসঙ্গে তারা মানসিক ট্রমায় আছেন।
ট্রেনে আগুনের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের সর্বশেষ অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন শনিবার (৬ জানুয়ারি) এসব তথ্য জানান।
তিনি বলেন, দগ্ধ আসিফ মোহাম্মদ খানের শরীরে ৮ শতাংশ পুড়ে গেছে। নাফিজ আলমের ৫ শতাংশ পুড়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি তাদের। সবার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় তদন্তের জন্য সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এদিকে বিএনপির ডাকা হরতাল শুরুর আগের রাতে ট্রেনে আগুনের ঘটনাটিকে ‘স্পষ্ট নাশকতা’ বলছে ঢাকা মহানগর পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন বলেন, “ঘটনার কারণ এই মুহূর্তে বলা যাবে না। তবে এটি যে নাশকতা তা স্পষ্ট; এটি বুঝাই যায় যে পরিকল্পিতভাবে করা হয়েছে।” ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
মহিদ উদ্দিন বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষ, শিশু, নারীদের প্রতি এ ধরনের আচরণ অমানবিক যা কোনোভাবেই কাম্য নয়। এই কাজ যারা করেছে তাদের আইনের আওতায় আনা হবে।
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টা হরতাল শুরুর আগের রাতে এই আগুনের ঘটনাটি ঘটল। এদিন সকালে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন, একটি পক্ষ মানুষের মনে ভীতি সঞ্চার করার পরিকল্পনা করছে। কিন্তু তাদের তথ্য পেয়েছেন তারা।
১৫৪ যাত্রী নিয়ে দুপুর ১টায় বেনাপোল থেকে কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। যাত্রাপথে ১১টি স্টেশনে বিরতি নেয় বেনাপোল এক্সপ্রেস। ট্রেনে কমলাপুরগামী যাত্রী ছিলেন ৪৯ জন। ট্রেন ঢাকায় পৌঁছানোর কথা রাত ৯টার দিকে। এর মধ্যে রাজধানীর গোপীবাগ পৌঁছালে আগুনের ঘটনা ঘটে। রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৮টি ইউনিটের প্রচেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ট্রেনের চার বগি পুড়ে ছাই হয়েছে। এসব বগিতে থাকা চারজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে বেশ কয়েকজন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

























