জেলেনস্কিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান শেখ হাসিনার
- আপডেট সময় : ০১:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৭২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) ২০২৪ এর সাইডলাইনে হোটেল বেয়েরিশা হফ-এ তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন, আমরা সব ধরনের যুদ্ধের বিরুদ্ধে। জেলেনস্কির সঙ্গে আলাপকালে তিনি বারবার আলোচনা করেছেন কীভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যায়।’
হাছান মাহমুদ বলেন, বৈঠকে গাজায় নিরীহ নারী-পুরুষের ওপর হামলা কীভাবে বন্ধ করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী সবাইকে মনে করিয়ে দেন, যুদ্ধ কারও মঙ্গল বয়ে আনতে পারে না। শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধের মাধ্যমে অন্যরা লাভবান হতে পারে। কিন্তু তা যুদ্ধরত দেশগুলোর জন্য কল্যাণ বয়ে আনতে পারে না এবং তাদের জনগণকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হতে হয়।’ এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনগণের দুর্ভোগ এবং তিনি নিজে যে দুর্ভোগের শিকার হয়েছিলেন তার কথা স্মরণ করেন। তিনি যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী অবস্থায় তার অমানবিক কষ্ট এবং তার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মের কথা স্মরণ করেন।
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী ও জেলেনস্কির মধ্যে আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি: ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’ স্পষ্টভাবে উঠে আসে।
জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া ও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. নূর এলাহী মিনা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছেছেন। সফর শেষে প্রধানমন্ত্রীর ১৯ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে।

























