জিম্মি বাংলাদেশি জাহাজের পিছু নিয়েছে ইইউর যুদ্ধজাহাজ
- আপডেট সময় : ০১:৫৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ১৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মেরিটাইম সিকিউরিটি ফোর্সের একটি যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি করে রাখা বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র পিছু নিয়েছে। এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণে নেয়। সে সময়ে জাহাজটি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৭০০ মাইল দূরে ছিল। জাহাজে থাকা ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু বর্তমানে জলদস্যুদের হাতে জিম্মি।
ইউরোপীয় ইউনিয়নের অপারেশন আটলান্টা ভারত মহাসাগরে জলদস্যুতার উত্থান রোধ ও প্রতিরোধে কাজ করে। এই জাহাজগুলির মধ্যে একটি এমভি আবদুল্লাহকে ছায়ার মতো অনুসরণ করছে, ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে।
সোমালিয়া উপকূল থেকে ১৭০ নটিক্যাল মাইল দূরে বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় জাহাজটিকে শেষ দেখা গেছে। ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছিল। ২৪ থেকে ৩০ ঘন্টার মধ্যে জাহাজটি উপকূলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

























