জনগণের ভোটেই সরকার গঠন হবে বলে প্রত্যাশা শেখ হাসিনার
- আপডেট সময় : ১১:৩৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ২০২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ভোটের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। আশা করি, তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন হবে।
রোববার (৭ জানুয়ারি) সকালে ঢাকা সিটি কলেজে ভোটদান শেষে তিনি এ কথা বলেন।
ভোটবিরোধীদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তারা দেশের মানুষের কল্যাণ চায় না, গণতান্ত্রিক প্রক্রিয়া চায় না বলেই বিএনপি সন্ত্রাস নৈরাজ্য করছে।
তিনি বলেন, ভোটের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছি। জেল-জুলুম মামলা ও হামলার শিকার হতে হয়েছে। ভোট অবাধ ও সুষ্ঠু হবে। জনগণ যাকে খুশি ভোট দেবে। ভোট দেবে এটাই বড় কথা। আশা করি, দেশের মানুষ ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন। তাদের ভোটেই সরকার গঠন হবে।
বিএনপি সন্ত্রাসী দল, তারা ভোটে বিশ্বাস করে না দাবি করে তিনি বলেন, বিএনপি ভোটের পক্ষে থাকার কথা নয়। তাদের উৎত্থান সন্ত্রাসের মাধ্যমে। জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই। সন্ত্রাসী দল কী বলল না বলল সেটা বড় নয়। বাংলাদেশের মানুষ এই ভোটে অংশ নিচ্ছে কি না, তারা এটিকে গ্রহণ করছে কি না সেটাই বড়।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। জনগণই আমাদের প্রধান শক্তি। এখানকার মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে, গণতন্ত্র সমুন্নত রাখবে। গণতন্ত্র থাকলেই দেশের উন্নয়ন সম্ভব। আওয়ামী লীগ জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে। আমি আত্মবিশ্বাসী, নৌকার জয় হবে। আওয়ামী লীগ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, নিজ ঘরে ক্ষমতার জন্য যারা সন্ত্রাস করে, তারা জনগণের রাজনীতি করে না। গণতান্ত্রিক দেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা ধরে রাখতে যা যা করণীয় তা করেছে আওয়ামী লীগ সরকার। জনগণ আওয়ামী লীগের পাশে আছে। বিএনপি-জামায়াতের হরতাল তাল হারিয়ে ফেলেছে। যারা হরতাল করছে তারা বাংলাদেশের নাগরিক, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে কোনো অভিযোগও তুলবেন না বলে জানিয়েছেন শেখ হাসিনা।
এসময় শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিক ববিও ভোটাধিকার প্রয়োগ করেন।























