গভীর নিম্নচাপটি পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় `মিগজাউম’-এ, ৪ বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- আপডেট সময় : ০১:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ১৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এ পরিণত হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের চারটি সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) এক বিশেষ আবহাওয়া বুলেটিনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার সকাল ৯ টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৫০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৯০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে এক হাজার ৪৫০ কি.মি. দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৪০ কি.মি. দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
‘গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি., যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে চলাচলকারী সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গভীর নিম্নচাপটি শনিবার মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সোমবারের মধ্যে, এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলের দিকে আসতে পারে। তারপরে এটি দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে আসবে এবং মঙ্গলবারের মধ্যে ঘূর্ণিঝড় হিসাবে উপকূল অতিক্রম করতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে আবহাওয়া শুষ্ক এবং আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় গভীর রাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
চলতি সপ্তাহের শেষের দিকে বাংলাদেশে বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

























