গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জিন পিয়েরে ল্যাক্রোইক্স এর সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০১:৫৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ১৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২৫ জুন) সকালে তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আজ বাংলাদেশে আসবেন বলে জানা গেলেও গতকাল শনিবার ঢাকায় আসেন তিনি।
জিন-পিয়েরে ল্যাক্রোইক্স শনিবার টুইটারে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের প্রথম প্রস্তুতিমূলক বৈঠকের জন্য সবেমাত্র বাংলাদেশে এসেছি। আমরা আলোচনা করব কিভাবে শান্তিরক্ষায় নারীর সংখ্যা বাড়ানো যায় এবং কিভাবে তারা আমাদের মিশনে সকল দায়িত্ব পালন করতে পারে। এর জন্য সদস্য রাষ্ট্র এবং অংশীদারসহ সকলের অঙ্গীকার প্রয়োজন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল। ঢাকায় অবস্থানকালে তিনি ২০২৩ সালের জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের (ইউএনপিকেএম) প্রস্তুতিমূলক আলোচনায় যোগ দেবেন।
জাতিসংঘের মতে, জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সদস্য রাষ্ট্রগুলোর জন্য শান্তিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা এবং তারা যে সম্প্রদায়গুলিকে তাদের সেবা দিচ্ছে তার প্রভাবকে শক্তিশালী করার জন্য সম্মিলিত প্রচেষ্টায় একত্রিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।






















