গণবিরোধী সরকার জবাবদিহিতার ধার ধারে না:রিজভী
- আপডেট সময় : ০৩:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ৪২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী মার্চে আবারও বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়াবে সরকার। গণবিরোধী সরকার জবাবদিহিতার ধার ধারে না। ৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করায় প্রতিশোধ নিতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দলটির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সরকার জনজীবন দুর্বিষহ করতে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়াচ্ছে। এই সিদ্ধান্ত অতিনিষ্ঠুর হবে। বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়লে এর চেইন রিঅ্যাকশন জনগণের ওপর বিরূপ প্রভাব ফেলবে। গভীর সংকটে পড়বে কৃষি, শিল্প, কলকারখানা। এরই মধ্যে বাজারে পণ্যের দাম বাড়ছে। মানুষ প্রয়োজনীয় খাবার কিনতেই হিমশিম খাচ্ছে। এরওপর এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের ওপর চরম আঘাত আনবে। মধ্যম ও নিম্ন আয়ের মানুষ এমনিতেই কঠিন কষ্টের মধ্যে দিনযাপন করছে। দেশে ৮০ শতাংশ মানুষের আয় বাড়েনি। অনাহারে-অর্ধাহারে কোনোরকম জীবন কাটাচ্ছে। তার ওপর বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি জনগণকে বিপদের মুখে ঠেলে দেবে। সামনে রমজান মাস, তার আগেই এই দাম বৃদ্ধি হবে ‘মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো’।
তিনি বলেন, উন্নয়নের নামে দেশ-বিদেশ থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে জনগণের ওপর বোঝা বাড়ানো হয়েছে। সরকারের হরিলুটের আর্থিক নীতির কারণে দেশের রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়েছে। এখন ডলার সংকটের কারণে কয়লা উৎপাদনের খরচ বেড়ে যাওয়ায় বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে। জনগণের প্রশ্ন, ডলারের রিজার্ভ গেল কোথায়? উন্নয়নের ফানুস দেখিয়ে কারা ডলার আত্মসাৎ করেছে, কারা বিদেশে সম্পদ পাচার করেছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি দাম বৃদ্ধির উদ্যোগকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
রিজভী বলেন, আত্মনির্ভরশীলতার স্থলে পরনির্ভরশীলতাকে করা হয়েছে রাষ্ট্রীয় নীতি। এখন ভারত থেকে কচুরমুখীও আমদানি করতে হয়। প্রকাশনা শিল্পকে ধ্বংস করে বাংলাদেশের পাঠ্যপুস্তক পর্যন্ত এখন ছাপা হয় ভারত থেকে। নিজস্ব ভাষা-সংস্কৃতির বদলে ব্যাপকভাবে ভিনদেশি ভাষা ও সংস্কৃতির প্রসার ঘটাতে গল্প, কবিতা ও কার্টুনের বইয়ের পাশাপাশি সিনেমা ও নাটক আমদানি করা হচ্ছে। এই সরকার বাংলাদেশের বাংলা ভাষা, সাহিত্য ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, অনিন্দ্য ইসলাম অমিত, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, তরিকুল আলম তেনজিং প্রমুখ উপস্থিত ছিলেন।























