কারো খবরদারির কাছে নতজানু হব না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ১৭১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
১৮ জুন রবিবার স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন। সেখানে, ‘বাংলাদেশ অন্য কারো বিষয়ে হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। তাই ঢাকা চায় না কেউ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক’ বলে তিনি মন্তব্য করেছেন।
শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধে বিজয় অর্জন করে আমরা আমাদের দেশ পেয়েছি। কারো খবরদারির কাছে নতজানু হব না। এটাই আমাদের সিদ্ধান্ত।’
তিনি বলেন, ‘আমি জানি বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান, দেশি-বিদেশি ষড়যন্ত্র, রাজনৈতিক প্রেক্ষাপট, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া প্রযুক্তি যখন স্বপ্নের দরজা খুলে দিয়েছে, তখন অনেক আশঙ্কাও তৈরি করেছে। আমি মনে করি সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের ধারণা পাল্টে যাচ্ছে। প্রযুক্তি এক ধরনের কর্মকাণ্ডের আশঙ্কা বা নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে। এদিকে লক্ষ্য রেখেই আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে।’
তিনি আরও বলেন, ‘সরকার বিশ্বের সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নীতি অনুসরণ করে চলেছে। দেশের উন্নয়নে যা প্রয়োজন তার সবই করা হচ্ছে। এসএসএফ সদস্যদের সতর্ক থাকতে হবে যাতে কেউ প্রযুক্তি ব্যবহার করে দেশের ক্ষতি না করতে পারে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশকে ডিজিটাল দেশে পরিণত করতে পেরেছি। যা শুধু আর্থ-সামাজিক উন্নয়নের জন্যই কার্যকর নয়, আমাদের ডিজিটাল ব্যবস্থা করোনার সময়ে প্রতিটি ক্ষেত্রেই উপযোগী হয়েছে।’






















