এক ম্যাচেই নতুন পাঁচ রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা!
- আপডেট সময় : ০৬:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ২৭১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
শনিবার (৭ অক্টোবর) বিশ্বকাপের চতুর্থ ম্যাচে রানের বন্যার নজির দেখল ক্রিকেট বিশ্ব। ওয়ানডে ফরম্যাটে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা এক ম্যাচে দুই ইনিংসে ৭৫৪ রান করেছে। আফ্রিকানদের দেওয়া ৪২৮ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস থামে ৩২৬ রানে। ১০২ রানের বিশাল ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল লঙ্কানরা। এই এক ম্যাচে পাঁচটি নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা।
পুরুষদের বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারে পাঁচ উইকেটে ৪২৮ রান করেছে। যা বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান। এখন পর্যন্ত রেকর্ডটি অস্ট্রেলিয়ার দখলে ছিল। ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে তারা ছয় উইকেটে ৪১৭ রান করেছিল।
বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। ২০০৭ সালে বারমুডার বিপক্ষে তারা পাঁচ উইকেটে ৪১৩ রান করেছিল। তালিকার চার ও পাঁচ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। ২০১৫ সালে, দলটি আয়ারল্যান্ডের বিপক্ষে ৪১১ রান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০৮ রান করেছিল।
এই দিনে মাত্র ৪৯ বলে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করেন এইডেন মার্করাম। সেই রেকর্ডটি ১২ বছর ধরে আয়ারল্যান্ড তারকা কেভিন ও’ব্রায়েনের দখলে ছিল। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচে তিনি ৫০ বলে সেঞ্চুরি করেন। ওয়ানডে বিশ্বকাপে ৫১ বলে গ্লেন ম্যাক্সওয়েল, ৫২ বলে এবি ডি ভিলিয়ার্স এবং ৫৭ বলে সেঞ্চুরি করেছেন ইয়ন মরগান।
বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম একই দলের তিন ক্রিকেটার একই ম্যাচে সেঞ্চুরি করলেন। প্রোটিয়াদের হয়ে কুইন্টন ডি কক (৮৪ বলে ১০০ রান), রসি ভ্যান ডার ডুসেন (১১০ বলে ১০৮ রান) এবং মার্করাম (৫৪ বলে ১০৬ রান) সেঞ্চুরি করেছেন।
দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে একদিনের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত এই ভেন্যুতে সর্বোচ্চ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের। ২০১১ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ক্যারিবীয়রা আট উইকেটে ৩৩০ রান করেছিল।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রোটিয়াদের ইনিংস ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে। তারা পাঁচ উইকেটে ৪২৮ রান সংগ্রহ করে। তালিকার পরের চারটি সর্বোচ্চ রান লঙ্কানদের বিপক্ষে ভারতের। পাঁচটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হয়েছে।
























