‘ইসি চাইলে ভোট পেছাতে পারে’ এ ধারণা ভুল:সিইসি
- আপডেট সময় : ০২:১৯:০০ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন চাইলে ভোট পেছাতে পারে এটি ভুল ধারণা, নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই।
সোমবার (১ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট হিসেবে আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। এ নির্বাচন সুষ্ঠু করতে, সঠিকভাবে কাজ করলে মানুষ নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।
তিনি বলেন, সারা দেশে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের কিছু ঘটনা ঘটছে। কিছু সহিংসতা হচ্ছে। আমরা এটা দেখতে চাই না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেবে বা নিচ্ছে। আপনারাও আপনাদের ওপর যে দায়িত্ব আছে, সেটি যথাযথভাবে পালন করবেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাতে হবে যে আমাদের নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। বিদেশীদেরও এই নির্বাচন নিয়ে কথা বলার অধিকার আছে।

























