আরও কমতে পারে শীত
- আপডেট সময় : ০২:০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ২১৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা বাড়বে এবং শীত আরও কমবে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে তা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
দেশের অন্য কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেই। শীতের অনুভূতি অনেকটাই কমে গেছে। ঢাকার শীত তো একদম যাওয়া যাওয়া অবস্থায়।
ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে বৃষ্টি হয়েছে। এ সময় সাতক্ষীরায় সর্বোচ্চ ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত রাতেও ঢাকায় বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদদের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা সাময়িকভাবে অভ্যন্তরীণ শিপিং যোগাযোগ ব্যাহত করতে পারে।
শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী পাঁচদিন বৃষ্টির প্রবণতা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

























