আমাদের দেশের বিশাল সমুদ্রসীমা অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে:প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ২২২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
সামুদ্রিক সম্পদ আহরণ করে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের বিশাল সমুদ্রসীমা আছে। এটা আমাদের দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখতে পারবে। আজকের সেমিনার আমাদের সামুদ্রিক সম্পদ ব্যবহার করতে ও সকল সংস্থার সাথে সহযোগিতা এবং সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হবে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট প্রণয়নের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রপথ সবাই ব্যবহার করে অনেক আগে থেকেই ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো সংঘাত হয়নি, এমনকি শান্তিপূর্ণ বাণিজ্যপথ হিসেবে চিহ্নিত হয়েছে দেশের সমুদ্রসীমা। আমি বিশ্বাস করি এটা অব্যাহত থাকবে। কখনোই সংঘাতপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে না। আমরা আমাদের পররাষ্ট্রনীতির মূলনীতি সবার সঙ্গে বন্ধুত্ব ধারণ করেই এগিয়ে যাব।
তিনি আরও বলেন, আমাদের তরুণ সমাজ অনেক মেধাবী। তাদের পথ দেখালেই বীরদর্পে এগিয়ে যাবে। আমরা সেটাই চাই।
বিশ্বে চলমান যুদ্ধের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, শান্তি প্রগতি ও উন্নতির পথ দেখায়, জাতিকে অগ্রসরমান করে, উন্নত জীবন দেয়। আমরা সেজন্য শান্তি চাই। যুদ্ধ চাই না।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা যেখানে রেখে গেছেন, বাংলাদেশ সেখানে থমকে গিয়েছিল। আমরা আবার সেখান থেকে শুরু করে উন্নয়নশীল দেশে উন্নীত করেছি। আমরা চাই, ২০৪১ সালের বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ। আধুনিক প্রযুক্তি ও জ্ঞানসম্পন্ন নাগরিক গড়ে তুলতে চাই। আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। মর্যাদা নিয়ে চলবো। সব পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে রেখেছি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সময়োপযোগী করে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, খনিজ সম্পদসহ সব আমাদের উত্তোলন করতে হবে। কাজে লাগাতে হবে। এজন্য যথাযথ বিনিয়োগও প্রয়োজন। এজন্য আলাপ আলোচনা করছি। আন্তর্জাতিক টেন্ডারও দিয়েছি। আমরা বিশাল সমুদ্রসীমার যথাযথ ব্যবহার করে দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজে লাগাতে চাই।
এ সময় তিনি বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে বলেন, আপনারা আসুন। বাংলাদেশে বিনিয়োগ করুন। আমাদের ভৌগলিক অবস্থানের কারণেই বিনিয়োগ করে আপনারাও লাভবান হবেন।























