আমরা কেন পিছিয়ে থাকবো, আমরাও চাঁদে যাবো: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫০:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ২৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ (ভারত) চাঁদে যায়। আমরা কেন পিছিয়ে থাকব? আমরাও চাঁদে যাব।
শনিবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে তাকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘গত ২৯ বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা দেশকে কিছু দিতে পারেনি। এদিক থেকে আমরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। মানুষের মধ্যে আত্মমর্যাদাবোধ জাগিয়ে তুলতে কাজ করেছি।’
তিনি আরও বলেন, আমরা বিশেষ করে গ্রামের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি।
এভিয়েশন ও পর্যটন শিল্পে সম্ভাবনার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘পর্যটন শিল্পের আধুনিকায়নে আমরা আরও কয়েকটি বিমান কিনব। আমরা চাই এভিয়েশন সেক্টর আরও বিকশিত হোক।’
অনুষ্ঠানস্থলে উপস্থিত হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তরের মেয়র আতিকুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান (বেবিচক) এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি শফিউল আজিমসহ সংশ্লিষ্টরা। উপস্থিত রয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও।
এছাড়া, এতে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা আসেন।
উদ্বোধন শেষে এই টার্মিনাল থেকে সশরীরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি এয়ারক্র্যাফট পরীক্ষামূলকভাবে চালানোর কথা রয়েছে।
প্রসঙ্গত, থার্ড টার্মিনালের কাজ এরই মধ্যে ৯০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ সফট ওপেনিংয়ের পর আবার শুরু হবে। তবে আজ সফট ওপেনিং হলেও আগামী বছর থেকে অপারেশনে যাবে কর্তৃপক্ষ।






















