আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা
- আপডেট সময় : ০১:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ২২৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে লাখো মানুষের অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমা। মোনাজাতে বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করা হয়েছে। এতে লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করেছেন। এখন সবাই ঘরমুখো হচ্ছেন। এতে সড়কে যানবাহনের সংকট দেখা দিয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) মোনাজাত শুরু হয় ১১টা ২০ মিনিটে এবং শেষ হয় ১১টা ৪৪ মিনিটে। এরপর সড়ক, ট্রেন ও নৌপথে যানজট লক্ষ্য করা গেছে। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে কয়েকদিন আগে থেকেই ইজতেমা মাঠে আসতে শুরু করেন মুসল্লিরা।
মোনাজাতের সুবিধার্থে যানবাহন প্রবেশ করতে না দেওয়ায় এতে ভোগান্তির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আশপাশের সড়কে অবস্থান নিয়েছেন অপেক্ষমাণ যাত্রীরা। তবে অনেকেই গাড়ির জন্য অপেক্ষা না করে পায়ে হেঁটে রওনা হয়েছেন।
শুক্রবার ইজতেমার প্রথম দিনে লাখ লাখ মুসল্লি জুমার জামাতে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন মাওলানা সা’দের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি। চোখের পানিতে বুক ভাসিয়ে মুসল্লিরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন। তারা মুসলিম বিশ্বে সুখ শান্তি কামনা করছেন।
রবিবার (১১ ফেব্রুয়ারি) ফজরের পর হিন্দিতে বক্তৃতা করেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। তা সঙ্গে সঙ্গে মাওলানা আবদুল্লাহ বাংলায় তরজমা করেন। বয়ানের পর নির্দেশনা ও দোয়ার বাণী পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলবীর মাওলানা ইউসুফ বিন সাদ।
মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এ ছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়েছে।

























