আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ১৭০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগ তখনই জিতেছে যখন মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে পেরেছে। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে নির্বাচন নিয়ে উদ্বিগ্ন দেশগুলোকে সিটি নির্বাচন দেখার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।
বৃহস্পতিবার (২২ জুন) আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় তিনি এসব কথা বলেন।
সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের জন্য কাজ করেছে। এটিই একমাত্র সংগঠন, যারা মানুষের কথা বলে, মানুষের ভাগ্য পরিবর্তন করে। আওয়ামী লীগ সরকার গঠিত হলেই জনগণের কল্যাণ হয়েছে। আর অন্যরা কেড়ে নিয়েছে মানুষের ভোটের অধিকার, মানবাধিকার।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে নির্বাচন সুষ্ঠু হয়েছে তা প্রমাণিত। এ নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। সব দেশ বা যারা নির্বাচনের কথা বলেন তারা এসে দেখে যাক।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জঙ্গি ও সন্ত্রাসীদের দল। কানাডার আদালত এই রায় দিয়েছে। ২০১৪ ও ২০১৮ সালে বিএনপি যে অগ্নিসংযোগ করেছিল তা জনগণ ভোলেনি। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।
সরকারপ্রধান বলেন, বিএনপির আমলে বিদ্যুৎ ছিল না। খুনি সন্ত্রাসী গোষ্ঠী বিএনপির সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে।






















