আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে:প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ২৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশে এত উন্নয়ন করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৬ অক্টোবর) জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দেশের ৬৫টি স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি চক্ষু কেন্দ্রের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘সারা বাংলাদেশে অন্ধত্ব দূর করতে মানুষকে সেবা দিচ্ছি। অন্ধত্বের হার ৩৫ শতাংশ কমিয়েছি। আরো কমাতে কাজ করছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমরা ১০ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি। এসব কমিউনিটি ক্লিনিকের প্রথম ৪ হাজার যখন চালু করি, তখন সেগুলো ৭০ ভাগের মতো সাফল্য অর্জন করে। কিন্তু দুর্ভাগ্যবশত ২০০১ সালে ক্ষমতায় আসতে পারিনি। খালেদা সরকার ক্ষমতা এসেই কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেয়।’
তিনি বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি টিকা প্রদান করেছে। ধনী দেশগুলোও বিনামূল্যে করোনার টিকা দেয়নি। কোটি কোটি টাকা খরচ করে বিনামূল্যে টিকা দিয়েছি। আমাদের রিজার্ভও তখন ভালো ছিল।
সরকারপ্রধান বলেন, করোনা ভাইরাসের সময় চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমাদের প্রত্যেক নার্স-ডাক্তারকে আলাদাভাবে ভাতা দিতে হয়েছে। কারণ সে সময় ভয়ে কেউ এগিয়ে আসতে চাইত না। এমনকি তাদের সুরক্ষার জন্য পিপিই সহ বিভিন্ন ধরণের সুরক্ষামূলক সরঞ্জামও কিনে দিতে হয়েছে।
তিনি আরও বলেন, করোনার টিকা দেয়ার জন্য ভলান্টিয়ার তৈরি করতে হয়েছে। পৃথিবীর অনেক দেশে লাখ লাখ মানুষ মারা গেছে, আল্লাহর রহমতে আমাদের তেমন ক্ষতি হয়নি।






















