১৯৯ স্কোর নিয়ে আজ ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’
- আপডেট সময় : ০১:২৮:০২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ৩২৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আজ বুধবার বেলা ১১টার দিকে বায়ু দূষণের নিরিখে বিশ্বের ১১০টি শহরের তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি এবং পাকিস্তানের করাচি। দুটি শহরের স্কোর যথাক্রমে ২১৪ এবং ১৯৯। ঢাকার অবস্থান তৃতীয়।
এ সময় আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এ ঢাকার স্কোর ছিল ১৯৯। বাতাসের এই গুণাগুণকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
একই সময়ে, সুইজারল্যান্ডের বার্ন সবচেয়ে পরিষ্কার বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে। এর পরেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো এবং পোর্টল্যান্ড। এই তিনটি শহরের স্কোর যথাক্রমে ৪, ৫ ও ৬।
বায়ু দূষণের এই পরিস্থিতি নিয়মিত তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকা অনুযায়ী, ঢাকায় বায়ু দূষণের প্রধান উৎস হল পার্টিকুলেট ম্যাটার (পিএম২.৫)। বর্তমানে ঢাকার বাতাসে কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ২৯ গুণ বেশি।
কিভাবে জনস্বাস্থ্য রক্ষা করা যায় সে সম্পর্কে আইকিউএয়ার-এর প্রতিবেদনে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকাবাসীদের জন্য আজকের উপদেশ দূষণ থেকে নিজেদের রক্ষা করতে, বাইরে বের হলে মাস্ক পরে বের হবেন।
আইকিউএয়ারের মানদণ্ড অনুসারে, ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ বায়ুর গুণমান হিসাবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।
বায়ু দূষণ বেশি হলে সংবেদনশীল গোষ্ঠীর লোকেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এদের মধ্যে রয়েছে বৃদ্ধ, শিশু, গর্ভবতী মহিলা, জটিল রোগে আক্রান্ত মানুষ। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে তাদের বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত।
১৫১ থেকে ২০০ স্কোর হল ‘অস্বাস্থ্যকর’ বায়ু। ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ৩০১ এবং তার বেশি স্কোরকে ‘বিপর্যয়কর’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসাবে বিবেচনা করা হয়।























