স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় বসলে কীভাবে দেশের উন্নয়ন হবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০১:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ২০৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যখন স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় বসে তখন কীভাবে দেশের উন্নয়ন হবে? তিনি বলেন, জাতীয় জীবন থেকে ২১ বছর চলে গেছে। এই ২১ বছরে দেশের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে। তারপর ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করি।’
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভারপাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় স্বয়ংক্রিয় মোটর যান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, ডিটিসিএ ভবন, বিআরটিসির ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ জেলার কেউট খালি ও রহমতপুর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন ও সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ক্ষতিপূরণ প্রদান করা হয়।
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত ২০০১ সালে ক্ষমতায় এসে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ সৃষ্টি করে।’
দুর্ঘটনা এড়াতে চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দুর্ঘটনা শুধু মানুষের ক্ষতি করে না। নিজেরও ক্ষতি হয়। আর এখন তো স্পিড লিমিট মেনে চলা, আমি তো নিজেও মেনে চলি। আমি একদিন দেখেছি আমার গাড়ির চালক ৮০ কিলোমিটারের ওপরে গাড়ি চালাচ্ছে। আমি তাকে বললাম, নিয়ম আমরা ভাঙতে পারবো না।’
যাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘গাড়িতে যেমন পেট্রোল লাগে, চালকেরও পেট্রোল লাগে। তাই আপনাকে খেয়াল রাখতে হবে চালক যেন বিশ্রাম নিতে পারেন, খাওয়াদাওয়া করতে পারেন।’
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা প্রতিদিনই বিক্ষোভ করছে। তারা নাকি আমাদেরকে হটিয়ে দেবে। ঠিক আছে তারা আন্দোলন করতে থাকুক। আমার তো জনগণ আছে। জনগণের কল্যাণ করাই আমার লক্ষ্য।’
আগুন সন্ত্রাস সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘যারা এখন আন্দোলন করছে, তারা যা করছে তারা করুক। তবে কেউ গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি বলে দিয়েছি, কেউ যাতে মানুষের কোনো ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।’























