সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না:প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ১৪০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিএনপি নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাসে-ট্রেনে আগুন দেবে, তাদের আমরা কি গলার মালা দিয়ে বাহবা দেবো?’ তিনি বলেন, তাদের শাস্তি নির্ধারিত। ২৮ অক্টোবর যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে তারা পার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গণভবনে বিএনপির সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি বলেন, ইতোমধ্যেই মামলা দেওয়া হয়েছে। বিএনপির কিছু নেতা বলেন, এত হাজার মামলা হয়েছে! মামলা হবে না তো কী হবে? যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাসে-ট্রেনে আগুন দেবে, তাদের আমরা কি গলার মালা দিয়ে বাহবা দেবো? যারা এসব করছে, তাদের শাস্তি তো অবধারিত।
বিএনপিকে সন্ত্রাসী সংগঠন দাবি করে শেখ হাসিনা বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। এরা কি মানুষ হত্যা করে রাজনীতি করতে চায়?
তিনি বলেন, বিএনপি জানে নির্বাচনে এলে তারা পরাজিত হবে। তাই নির্বাচন বানচাল করতে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দলটি।

























