মিয়ানমারের সংঘর্ষে বাংলাদেশের দুইজন নিহত, রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ
- আপডেট সময় : ০২:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৭০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহৃত মর্টার শেলের আঘাতে সীমান্তে নিহত হওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিয়াও মোয়েকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) মিয়ানমারের রাষ্ট্রদূতকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করা হয়।
সকাল ১১টায় রাষ্ট্রদূত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার বিভাগের মহাপরিচালক মিয়া মুহাম্মদ মাইনুল কবির তাকে তলব করে কঠোর প্রতিবাদ জানান।
সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দেশটির সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে। সীমান্তের ওপার থেকে মর্টার শেল হামলায় বাংলাদেশে দুইজন নিহত হয়েছেন।
পরিস্থিতির মধ্যে মিয়ানমার সীমান্ত বাহিনীর ২২৯ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের নিরস্ত্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে নেওয়া হয়েছে। বান্দরবানে আশ্রয় নেওয়া সীমান্তরক্ষীদের ফিরিয়ে নিতে ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে মিয়ানমার।
সোমবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের নিরবচ্ছিন্ন যোগাযোগ রয়েছে। আজ (গতকাল) সকালে মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেন। তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে। তাদের সীমান্তরক্ষীদেরও ফিরিয়ে নিন।

























