ভোটকে ঘিরে বিএনপির ৪৮ ঘন্টার হরতাল:গণপরিবহণ সংকট, ভোগান্তিতে সাধারণ মানুষ
- আপডেট সময় : ০২:৪৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ১৯০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আগামীকাল রোববার (৭ জানুয়ারি) সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। দলীয় সরকারের অধীনে আয়োজিত এই ভোটকে ঘিরে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপিসহ সমমনা দল ও জোট। শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে যা ৮ জানুয়ারি সকাল ৬ টা পর্যন্ত চলবে।
ভোট ও বিরোধী দলগুলোর ধর্মঘটের কারণে রাজধানীর সড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় সড়কে গণপরিবহন চলাচল করছে খুবই কম। গণপরিবহনের পাশাপাশি প্রাইভেট কারও কম চলাচল করছে। ফলে বিভিন্ন প্রয়োজনে বাইরে যাওয়া লোকজন ও অফিসগামী যাত্রীদের বাসের জন্য বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কিন্তু যানবাহন কম থাকায় রাস্তা একেবারেই ফাঁকা, যানজটের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন কোম্পানির বাস রিকুইজিশন করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই গণপরিবহন সংকট দেখা দিয়েছে। এছাড়াও বিএনপিসহ বিরোধী দলগুলোর হরতাল-অবরোধের কারণে অনেকেই রাস্তায় বাস বের করছেন না। এই দুই কারণেই সড়কে মিলছে না বাসের দেখা।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই রাজধানীর বাইরে চলে গেছেন। ফলে সকালে অফিস চলাকালীন সময়ে সড়কে খুব কম যাত্রী থাকে। তবে যারা রাজধানীতে আছেন বা বিভিন্ন কাজে বাইরে বের হচ্ছেন, তাদের গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়তে হচ্ছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও গন্তব্যে যাওয়ার বাস পাচ্ছেন না অনেকে।
এদিকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের মধ্যে বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।
আবার, গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনের কাছে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস নামের একটি ট্রেনে আগুন লাগে। পুলিশ এটাকে নাশকতা বলছে। আগুনে ট্রেনের ৫টি বগি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।























