বিএনপি-জামায়াত আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারে:প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ১৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি আর জামায়াতের আন্দোলনই হলো জ্বালাও-পোড়াও করা, মানুষ পুড়িয়ে মারা। বিএনপি খুনিদের পার্টি আর জামায়াত হলো যুদ্ধাপরাধীদের পার্টি।
শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, লন্ডনে বসে তারেক রহমান হুকুম দেয় আর বাংলাদেশে আগুন দিয়ে পুড়িয়ে মারে তার নেতাকর্মীরা। সেই একটা লম্পট। জিয়া খুনি, তারেক রহমান খুনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে তারেক রহমানকে লন্ডন থেকে ধরে এনে বিচার করা হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থেকে টাকা লুট করে বিদেশে পাঠিয়েছে। আর ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ যখনই কাজ শুরু করে তখনই বিএনপি বাধা সৃষ্টি করে।
শেখ হাসিনা আরও বলেন, এই বাংলাদেশেকে নিয়ে যে স্বপ্ন ছিল আমার বাবার, আমি প্রাণপণ চেষ্টা করে গেছি, আমি নিজের দিকে তাকাইনি। বারবার হত্যার চেষ্টা করা হয়েছে আমাকে। মানবঢাল করে আওয়ামী লীগ আমাকে রক্ষা করেছে।
তিনি বলেন, অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে চলতে হয়েছে আমাকে, তারপরও আপনারা আমাকে আগলে রেখেছেন। সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাসার খায়েরের সভাপতিত্বে জনসভায় বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।
জানা গেছে, শুক্রবার রাতে বরিশালে জনসভা শেষে সড়কপথে বরিশাল থেকে টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি নিজ বাড়িতে অবস্থান করেন। আজ টুঙ্গিপাড়ায় জনসভা শেষে দুপুরে কোটালীপাড়ায় জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

























